বিশ্ব ক্রিকেটের অন্যতম অভিজাত সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) আজীবন সদস্যপদ লাভ করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। ক্রিকেটের আইন প্রণেতা হিসেবে পরিচিত এই সংস্থার পক্ষ থেকে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। এর আগে বাংলাদেশের হয়ে সাবের হোসেন চৌধুরী ও মাশরাফি বিন মুর্তজা এই বিরল সম্মান অর্জন করেছিলেন।
১৬ বছর আগে লর্ডসের ঐতিহাসিক অনার্স বোর্ডে সেঞ্চুরি করে নিজের নাম খোদাই করেছিলেন তামিম। এবার সেই মাঠেই তার হাতে বিশেষ স্মারক তুলে দিয়ে তাকে আজীবন সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। তামিমের পাশাপাশি এবার এই তালিকায় স্থান পেয়েছেন ভারতের চেতেশ্বর পুজারা, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ও সুজি বেটস এবং অস্ট্রেলিয়ার মেলানি জোন্স। এর আগে তামিম উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের একজন হওয়ার গৌরবও অর্জন করেছিলেন।
এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রব লসন নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ক্রিকেটের প্রতি অসামান্য নিবেদনের স্বীকৃতি হিসেবে এই পাঁচজন কৃতি খেলোয়াড়কে আজীবন সদস্যপদ দিতে পেরে আমরা আনন্দিত। আগামী বছরগুলোতে লর্ডসে সদস্য হিসেবে তাদের স্বাগত জানাতে আমরা মুখিয়ে আছি।
রিপোর্টারের নাম 























