শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা বোর্ডে প্রায় ৬৭ হাজার আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। প্রতিটি আবেদনকারীর জন্য গড়ে প্রায় ১৩ লাখ টাকা অবসর ভাতা প্রয়োজন হয়।
রবিবার জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এই তথ্য দেন। তিনি জানান, এসব আবেদন নিষ্পত্তির জন্য প্রায় ৮ হাজার ৭১০ কোটি টাকা প্রয়োজন হলেও, অবসর তহবিলে বর্তমানে জমা আছে মাত্র ১ হাজার ৩০০ কোটি টাকা। ফলে প্রায় ৭ হাজার ৪১০ কোটি টাকার একটি বিশাল অর্থ ঘাটতি সৃষ্টি হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টে ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছরের ২১ জুন পর্যন্ত প্রায় ৪৫ হাজার আবেদন অনিষ্পন্ন অবস্থায় রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে প্রায় ৩ হাজার ১৫০ কোটি টাকার এককালীন বরাদ্দ প্রয়োজন।
এহছানুল হক মিলন বলেন, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধা দ্রুত প্রদানে সরকার অত্যন্ত আন্তরিক। অবসর সুবিধা বোর্ড এবং কল্যাণ ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দের কার্যক্রম গ্রহণ করেছে। একই সাথে আবেদন নিষ্পত্তির গতি বাড়াতে সফটওয়্যার পুনরায় চালু করা, জনবল বৃদ্ধি, অনলাইন কার্যক্রমের সম্প্রসারণ এবং আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 






















