ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা হাজী মোহাম্মদ দানেশের ১২৬তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। শনিবার দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এনামুল্যাহর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই মহান নেতার সমাধিতে দোয়া ও মোনাজাত করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ২৭ জুন এই মহান কৃষক নেতার জন্মবার্ষিকী এবং পরদিন ২৮ জুন তার ৪০তম মৃত্যুবার্ষিকী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মহান নেতার স্মৃতি রক্ষার্থে দুই দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে মৃত্যুবার্ষিকীর দিনে সকালে কবর জিয়ারত, মিলাদ মাহফিল এবং দুপুরে তার কর্মময় জীবন নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
হাজী মোহাম্মদ দানেশ ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা এবং তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ। ১৯০০ সালে দিনাজপুরের বোচাগঞ্জে জন্মগ্রহণকারী এই নেতা আজীবন শোষিত মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন। তার রাজনৈতিক দূরদর্শিতা এবং কৃষক আন্দোলনের অনন্য অবদানকে স্মরণীয় করে রাখতেই ১৯৯৯ সালে দিনাজপুরের কৃষি কলেজকে পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়।
রিপোর্টারের নাম 
























