জামালপুরের বকশীগঞ্জে ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্র নিখোঁজ হওয়ার ২৭ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ আবু সাঈদ বকশীগঞ্জ পৌরশহরের চরকাউরিয়া ভাটিপাড়া এলাকার মো. আলমঙ্গীর হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র। গত ১ জুন সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি।
সন্তানকে ফিরে পাওয়ার আশায় মা কল্পনা আক্তারসহ পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। স্বজনরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো হদিস না পেয়ে ঘটনার ১৬ দিন পর গত ১৭ জুন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে দীর্ঘ সময় পার হলেও পুলিশের পক্ষ থেকে কোনো ইতিবাচক খবর পাওয়া যায়নি।
নিখোঁজ ছেলের সন্ধানে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন মা কল্পনা আক্তার। তিনি কান্নাবিজড়িত কণ্ঠে জানান, সন্তানের অনুপস্থিতিতে প্রতিটি দিন তাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার কাছে কোনো মোবাইল ফোন না থাকায় প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পুলিশ বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান অব্যাহত রেখেছে।
রিপোর্টারের নাম 
























