কুমিল্লায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের প্রতিবাদ করায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে জখম করা হয়েছে। হামলার সময় দুর্বৃত্তরা তার পায়ে চাইনিজ কুড়াল দিয়ে এমনভাবে আঘাত করে যে, কুড়ালটি পায়ের হাড়ের ভেতর বিঁধেই থাকে। বর্তমানে ওই যুবক কুমিল্লা জেনারেল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। রোববার দুপুরে আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আহত জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ঘটনার দিন তিনি স্থানীয় এক কিশোর গ্যাং সদস্যকে মাদক ব্যবসায় বাধা দিলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জাহাঙ্গীরের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে এলোপাথাড়ি মারধরের পর পায়ে কুড়াল দিয়ে কোপ দেয়, যা বিদ্ধ অবস্থায় থেকে যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাঙ্গীরের পায়ের হাড়ের ভেতর কুড়ালটি আটকে যাওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 






















