ইউরোপের বড় একটি অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে রেকর্ড ভাঙা তীব্র দাবদাহ। এই চরম আবহাওয়ার কারণে ফ্রান্সে আংশিক মদপান নিষিদ্ধ করা হয়েছে এবং জার্মানিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। স্পেনে ফুটবল ভক্তদের জন্য নির্ধারিত ফ্যান জোন বন্ধ করে দেওয়ার পাশাপাশি ইতালির পর্যটন নগরীগুলোতেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা এখন অনেক স্থানেই ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করার পথে।
ফ্রান্সের ৯৬টি বিভাগের মধ্যে ৩৫টিতে সর্বোচ্চ তাপমাত্রার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী সেবাস্টিয়েন লেকোর্নু উন্মুক্ত স্থানে আয়োজিত বিভিন্ন উৎসবে মদপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। অতিরিক্ত গরমে পানিশূন্যতা ও স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে প্যারিসের পার্কগুলো সাধারণ মানুষের বিশ্রামের জন্য ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দাবদাহের প্রভাব পড়েছে স্পেনের জনজীবনেও। অতিরিক্ত গরমের কারণে মাদ্রিদের প্লাজা দে কোলন স্কয়ারে বিশ্বকাপ ফুটবলের বড় পর্দার প্রদর্শনী তথা ফ্যান জোনটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। ইতালির রোম ও বোলোনিয়াতেও তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘরে অবস্থান করছে, যা পর্যটকদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে এমন অস্বাভাবিক তাপপ্রবাহের ঘটনা বাড়ছে।
রিপোর্টারের নাম 























