পদ্মা সেতুর পিলারের কাছাকাছি থেকে মাটি অপসারণের বিষয়ে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা উড়িয়ে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, এ বিষয়ে তিনি নিজেই খোঁজ নিয়েছেন এবং সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রকৌশলী ও সেতু প্রকল্পের বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন। তাদের মতানুযায়ী, এই মাটি অপসারণে সেতুর কোনো ঝুঁকি নেই। বরং নদীর স্বাভাবিক প্রবাহ, নাব্যতা, পরিবেশগত ভারসাম্য এবং পানি চলাচলের সুবিধার জন্য ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী এটি অপসারণ করা জরুরি।
বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
একই সংলাপে মন্ত্রী গণপরিবহন ব্যবস্থার সংস্কার নিয়েও কথা বলেন। তিনি জানান, ঢাকায় গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রতিটি রুটের বাস মালিকদের নিয়ে কোম্পানি গঠন করা হবে। মন্ত্রী বলেন, “ঢাকায় নানা ধরনের যানবাহন চলাচল করে, যা একটি নগরীতে এভাবে চলতে পারে না। রেল, মেট্রোরেল, মনোরেল, বাস—এগুলোই হলো বেসিক পরিবহন ব্যবস্থা, এর সঙ্গে ব্যক্তিগত গাড়ি রয়েছে। আমরা ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছি যে, একই রুটে ব্যক্তিমালিকানাধীন দুই-চার-দশজন মালিকের বাস বিচ্ছিন্নভাবে চলবে না। এতে যে প্রতিযোগিতা সৃষ্টি হয়—কেউ টার্মিনালে থামে না, যাত্রী যেখানে হাত তোলে সেখানেই থামিয়ে দেয়—এই পদ্ধতি আমরা আর রাখবো না।”
রিপোর্টারের নাম 





















