কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে দুই আইনজীবীর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি আলোচিত শিবির নেতা জিসানের পক্ষে আইনগত কার্যক্রমে যুক্ত হওয়ার অভিযোগে তাদের এই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের এপিপি হিসেবে দায়িত্ব পালনকারী অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারিকৃত নিয়োগ সংক্রান্ত স্মারকের মাধ্যমে তাদের যে নিয়োগ প্রদান করা হয়েছিল, তা বাতিল করা হলো। আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এই আদেশ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অব্যাহতিপ্রাপ্ত এপিপি অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী বলেন, শিবির নেতা জিসানের আইনজীবী হিসেবে তারা ওকালতনামায় স্বাক্ষর করেননি, বরং গত মঙ্গলবার শুধুমাত্র গণমাধ্যমের সামনে জিসানের পক্ষে বক্তব্য দিয়েছিলেন। তিনি মনে করেন, এই কারণেই তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আলোচিত শিবির নেতা জিসানকে সম্প্রতি কুমিল্লার আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় জিসানের পক্ষে আদালত প্রাঙ্গণে বক্তব্য রাখেন এই দুই আইনজীবী।
রিপোর্টারের নাম 




















