রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর মধ্যে ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে রিহ্যাবের পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন।
রাজউকের প্রধান কার্যালয়ে ১৮ জুন সকালে অনুষ্ঠিত এই বৈঠকে রিহ্যাব প্রেসিডেন্ট ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে। তিনি সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর জোর দেন। ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা প্রদানের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস প্রদান করেন। এছাড়া রিহ্যাবের অন্যান্য নেতৃবৃন্দও বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
রাজউক চেয়ারম্যান বলেন, দেশ সবার এবং সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তিনি রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 




















