জাতীয় সংসদে অধিবেশনকক্ষে প্রবেশ ও বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানানোর ক্ষেত্রে সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চলার সুযোগ দেওয়া হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার সংসদের অধিবেশনে এই সিদ্ধান্ত প্রদান করেন।
এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর রীতিটি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং শিরকের কাছাকাছি চলে যায় বলে আপত্তি তুলে বিষয়টি সুরাহার জন্য পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনুরোধ জানান। তখন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ জানিয়েছিলেন, সংসদের কার্যপ্রণালি বিধি দেখে বিষয়টি পরে সংসদকে জানানো হবে।
আজ এ বিষয়ে রুলিং দিতে গিয়ে স্পিকার বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ অনুযায়ী, সংসদের বৈঠক চলাকালে সংসদে প্রবেশ করার বা সংসদকক্ষ ত্যাগ করার সময় এবং আসন গ্রহণ বা ত্যাগ করার সময় কোনো সদস্য সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে, তিনি উল্লেখ করেন যে অষ্টম সংসদে বিধিটি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ঝুঁকিয়া শব্দটি বাদ দেওয়া হয়েছে, তাই এখন থেকে আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।
রিপোর্টারের নাম 




















