সরকার দেশের সব নগর উন্নয়ন কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে। এই ব্যবস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর আদলে বাস্তবায়ন করতে হবে এবং এজন্য রাজউকের বিদ্যমান সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১ জুন অনুষ্ঠিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, বর্তমানে রাজউকে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে ভবন নির্মাণ অনুমোদনের কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে, যা ২৪ কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। এছাড়া ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেম (ইসিপিএস)-এর মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্রও শতভাগ অনলাইনে প্রদানের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবহারকারীদের আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে নতুন ব্যবস্থাটি পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নাগরিকদের সরাসরি অফিসে উপস্থিতির প্রয়োজন কমবে এবং সেবা গ্রহণের সময়ও হ্রাস পাবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজউকের সেবা আরো সহজ ও স্বচ্ছ করতে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে একটি ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, রাজউকের মতো দেশের অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষকেও ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। অনলাইনভিত্তিক নকশা অনুমোদন ব্যবস্থা চালু হলে আবেদন, যাচাই-বাছাই ও অনুমোদনের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে, একই সঙ্গে নাগরিকদের সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং প্রশাসনিক জটিলতাও কমে আসবে। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন এবং সময়মতো বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরকে এর দায় বহন করতে হবে বলে জানিয়েছেন।
রিপোর্টারের নাম 





















