মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিওসি কেছরিগুল সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার আনুমানিক বেলা আড়াইটার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবির অধীন বিওসিটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ভারতীয় নাগরিকের নাম মো. আলী হুসেন (৩২)। তার পিতার নাম সাব উদ্দিন এবং তিনি ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেউটিগ্রামের বাসিন্দা। সীমান্ত পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড নামক স্থান থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় যাচাই করে তাকে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে।
জিজ্ঞাসাবাদ এবং তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে ভারতীয় নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র (Voter ID Card), ভারতীয় ট্যাক্স পেমেন্ট কার্ড (PAN Card) ও ভারতীয় আধার কার্ড (Aadhaar Card) পাওয়া গেছে। ৫২ বিজিবির অধিনায়ক আতাউর রহমান সুজন জানান, আটক আলী হুসেন অবৈধভাবে ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেছেন। তিনি জিজ্ঞাসাবাদে মোবাইল ফোনের ডিসপ্লে-সংক্রান্ত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশে অনুপ্রবেশ করার কথা স্বীকার করেছেন। এ বিষয়ে অধিকতর যাচাই-বাছাই, গোয়েন্দা অনুসন্ধান কার্যক্রম এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 





















