নড়াইলে টিকটক ভিডিও বানাতে নিষেধ করা সত্ত্বেও স্ত্রীর এমন কার্যকলাপ মেনে নিতে না পেরে তাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়ের ভাষ্যমতে, লিমন মল্লিকের (৩০) স্ত্রী সুমনা ফেরদৌসী (৩৬) টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি খোলামেলা পোশাকে বিভিন্ন ছবি তার ফেসবুক বন্ধুদের সঙ্গে আদান-প্রদান করতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এরই জেরে সোমবার সকালে লিমন তার স্ত্রী সুমনাকে ঘরে শ্বাসরোধ করে হত্যা করেন এবং পরে লাশটি বাঁশের আড়ার সাথে ঝুলিয়ে দেন। সকালে লিমন দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান। পরে বিকেল ৫টার দিকে বাড়িতে ফিরে তিনি চিৎকার করে বলতে থাকেন যে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে হত্যার প্রমাণ পায় এবং রাতেই লিমনকে আটক করে।
অজিত কুমার রায় আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন সুমনাকে হত্যার কথা স্বীকার করেছেন। এই ঘটনায় সুমনার মা বাদী হয়ে লিমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
রিপোর্টারের নাম 























