জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে আবারও বাংলাদেশি এক যুবককে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের নিকটবর্তী মধ্যেরচর এলাকায় এই ঘটনা ঘটে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং স্থানীয়দের তৎপরতায় বিএসএফের এই প্রচেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে মধ্যেরচর সীমান্ত দিয়ে ওই যুবককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়েই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা এবং স্থানীয় জনগণ সীমান্তে অবস্থান নেয়। বিজিবি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রতিরোধে বিএসএফ পিছু হটতে বাধ্য হয়। বর্তমানে ওই যুবক শূন্যরেখায় অবস্থান করছে এবং উভয় সীমান্তেই বিজিবি ও বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে।
এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে বেশ কয়েকবার পুশইন করার চেষ্টা চালিয়েছে বিএসএফ। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইন করার চেষ্টা করা হয়েছিল। বিজিবি সার্বক্ষণিক সতর্ক রয়েছে এবং দেশের সীমান্ত সুরক্ষায় বদ্ধপরিকর।
রিপোর্টারের নাম 





















