ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসার নিয়মে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। সোমবার প্রকাশিত এই নির্দেশনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে যা আবেদনকারীদের জন্য জানা জরুরি।
নতুন নিয়ম অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ এবং ওয়েবফাইল আপলোড করা যাবে। যেসব আবেদনকারী সফলভাবে ওয়েবফাইল আপলোড করতে পারবেন, তাদের জন্য বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে। আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং সেটি ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত, সম্পাদিত বা বিকৃত ফাইল গ্রহণ করা হবে না বলে স্পষ্ট করা হয়েছে।
মেডিকেল ভিসা সংক্রান্ত নির্দেশনায় আইভ্যাক জানিয়েছে, মেডিকেল ভিসার আবেদনকারীদের অবশ্যই সেই নির্দিষ্ট হাসপাতালে যেতে হবে যেটির জন্য ভিসা ইস্যু করা হয়েছে। যদি কোনো কারণে হাসপাতাল পরিবর্তনের প্রয়োজন হয়, তবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে। এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর ফলে ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
রিপোর্টারের নাম 
























