কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় মাত্র তিন ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) উপজেলার রাজিবপুর সদর ও কোদালকাটি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে রাজিবপুর সদর ইউনিয়নের শিবের ডাঙ্গী দক্ষিণ পাড়া গ্রামের সবুজ মিয়ার তিন বছর বয়সী ছেলে আদনান বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজিবপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর, বিকেল ৫টার দিকে উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি গ্রামের সাইফুল ইসলামের দুই বছর বয়সী কন্যা আফিয়া বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকেও দ্রুত রাজিবপুর হাসপাতালে নিয়ে আসা হয়, তবে ডাক্তার পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
একই দিনে দুটি শিশুর এমন মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় রাজিবপুর থানায় দুটি পৃথক জিডি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রিপোর্টারের নাম 





















