ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়ার আসমাত অঞ্চলকে বিশ্বের অন্যতম দুর্গম ও বিচ্ছিন্ন জনপদ হিসেবে বিবেচনা করা হয়। আধুনিক নগরজীবনের কোলাহল থেকে বহু দূরে অবস্থিত এই অঞ্চলে পৌঁছানোই যেন এক রোমাঞ্চকর অভিযাত্রা। একাধিক বিমানযাত্রা, আরাফুরা সাগর পাড়ি দিয়ে দীর্ঘ নৌভ্রমণ এবং বৃষ্টি-অরণ্যের ভেতর নদীপথে যাত্রার পরই দেখা মেলে এই রহস্যময় ভূখণ্ডের।

ভ্রমণ লেখিকা লরা ফ্রেঞ্চ সম্প্রতি পশ্চিম পাপুয়ার এই দুর্গম অঞ্চলে এক সপ্তাহের সমুদ্রযাত্রা করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, কাইমানা বন্দর থেকে শত শত নটিক্যাল মাইল অতিক্রম করার পরও যাত্রাপথে আর কোনো জাহাজের দেখা মেলেনি। স্থানীয় গাইডদের দাবি, আসমাতের কিছু গ্রামে গত এক দশকেও কোনো বিদেশি পর্যটক পা রাখেননি।

আসমাতের বিশেষত্ব শুধু এর ভৌগোলিক বিচ্ছিন্নতায় নয়, বরং এর সমৃদ্ধ আদিবাসী সংস্কৃতিতেও। বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনঘেরা গ্রামগুলোতে পৌঁছানোর একমাত্র উপায় নৌকা। এখানে বসবাসকারী আসমাত জনগোষ্ঠীর জীবনধারা প্রকৃতি, পূর্বপুরুষের স্মৃতি এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

ইউয়ান ইউফ্রি গ্রামে পৌঁছালে অতিথিদের স্বাগত জানাতে নদীপথে নৌকা বেয়ে এগিয়ে আসেন স্থানীয়রা। ঐতিহ্যবাহী গান, নৃত্য এবং বিশেষ পোশাকে সজ্জিত গ্রামবাসীদের এই অভ্যর্থনা পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তৈরি করে। তালপাতা, পাখির পালক, কাঠকয়লা ও ঝিনুকের গুঁড়া দিয়ে তৈরি অলংকরণে ফুটে ওঠে তাদের শতাব্দীপ্রাচীন সংস্কৃতির ছাপ।
আসমাত জনগোষ্ঠীর অন্যতম পরিচয় তাদের অসাধারণ কাঠখোদাই শিল্প। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, তাদের পূর্বপুরুষরা কাঠের মূর্তি তৈরি করে তাতে প্রাণ সঞ্চার করেছিলেন। সে কারণেই কাঠ এখানে শুধু একটি উপাদান নয়, বরং পবিত্রতার প্রতীক। গ্রামগুলোতে আজও দেখা যায় বিশাল কাঠের ভাস্কর্য, টিফা ঢোল, পালকের মুকুট, বুনো শূকরের দাঁতের মালা এবং ঐতিহ্যবাহী নোকেন ব্যাগ।
এই অঞ্চলের আরেকটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক আচার হলো ‘স্পিরিট মাস্ক সেরিমনি’ বা আত্মার মুখোশ উৎসব। বিশেষ অনুষ্ঠানে নির্বাচিত ব্যক্তিরা বেত দিয়ে তৈরি মুখোশ ও পোশাক পরে পূর্বপুরুষদের আত্মার প্রতীকী রূপ ধারণ করেন। ঢোলের তালে তালে নাচ, গান ও আচার-অনুষ্ঠান আসমাতের সাংস্কৃতিক জীবনকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে।
তবে পশ্চিম পাপুয়ার আকর্ষণ শুধু স্থলভাগে সীমাবদ্ধ নয়। সামুদ্রিক জীববৈচিত্র্যের দিক থেকেও অঞ্চলটি পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এলাকা। কোরাল ট্রায়াঙ্গেলের অন্তর্ভুক্ত এই অঞ্চলে রয়েছে হাজারো দ্বীপ, প্রবাল প্রাচীর এবং অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল।
মোমনে ও ট্রাইটন উপসাগরের মতো এলাকাগুলো এখনো তুলনামূলকভাবে পর্যটকদের ভিড় থেকে দূরে। স্ফটিকস্বচ্ছ পানির নিচে দেখা মেলে রঙিন প্রবাল, সামুদ্রিক কচ্ছপ, স্টিংরে, অ্যাঞ্জেলফিশ, পিগমি সিহর্স এবং আরও বহু বিরল প্রাণীর। ডাইভিংপ্রেমীদের কাছে এসব স্থান এক কথায় স্বর্গরাজ্য।
লরা ফ্রেঞ্চের ভ্রমণের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা ছিল ট্রাইটন উপসাগরে তিমি হাঙরের মুখোমুখি হওয়া। বিশ্বের বৃহত্তম মাছ হিসেবে পরিচিত এই প্রাণীগুলোকে খুব কাছ থেকে দেখতে পেয়ে তিনি বিস্মিত হন। একসময় চারটি বিশাল তিমি হাঙর একসঙ্গে পানির ওপর ভেসে ওঠে, আর দূরে সাঁতরাতে দেখা যায় ডলফিনের একটি দল।
এই অভিজ্ঞতা তাকে মনে করিয়ে দেয়, পৃথিবীর কিছু জায়গায় এখনো প্রকৃতিই প্রধান নিয়ন্ত্রক শক্তি। মানুষের উপস্থিতি সেখানে খুবই সীমিত, আর প্রকৃতির সৌন্দর্য রয়ে গেছে প্রায় অক্ষত।
এক সপ্তাহের এই সমুদ্রযাত্রা শেষে লরা ফ্রেঞ্চের উপলব্ধি ছিল স্পষ্ট—পশ্চিম পাপুয়ার প্রকৃত আকর্ষণ বিলাসবহুল জাহাজ বা জনপ্রিয় পর্যটনকেন্দ্র নয়, বরং এমন এক নির্জনতা ও প্রশান্তি, যা আধুনিক পৃথিবীতে ক্রমেই বিরল হয়ে উঠছে। আসমাত যেন সেই হারিয়ে যাওয়া পৃথিবীরই এক জীবন্ত প্রতিচ্ছবি, যেখানে ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতি এখনও পাশাপাশি নিঃশব্দে বেঁচে আছে।
রিপোর্টারের নাম 

























