পিরোজপুরের জিয়ানগর উপজেলার বৃহত্তর বালিপাড়া ইউনিয়নে অবস্থিত বালিপাড়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়টি দীর্ঘ দিন ধরে একটিমাত্র একাডেমিক ভবনের অভাবে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী সংখ্যা বাড়লেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব বিদ্যালয়ের কর্তৃপক্ষকে নানা সংকটের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বাধ্য করছে। এর ফলে শিক্ষার মানের অবনতি হচ্ছে বলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৯ সালে স্থাপিত এই বিদ্যালয়ে বর্তমানে তিন শতাধিক ছাত্রছাত্রী এবং ২০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। বিদ্যালয়ে লাইব্রেরি, ছাত্রছাত্রীদের কমনরুম, স্কুলের বাউন্ডারি, ওয়াশব্লকসহ পর্যাপ্ত শ্রেণি কক্ষের অভাব রয়েছে। এই ঘাটতির কারণে শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারছেন না, যা শিক্ষার মানকেও ক্ষতিগ্রস্ত করছে। বর্ষাকালে এই সংকট আরও প্রকট আকার ধারণ করে।
শিক্ষার্থী তরিকুল ইসলাম ও মুবিন আহম্মেদ জানান, শ্রেণি কক্ষের স্বল্পতার কারণে গাদাগাদি করে ক্লাস করতে তাদের খুব কষ্ট হয় এবং একটি নতুন ভবন তাদের জন্য অত্যন্ত প্রয়োজন। একাধিক শিক্ষক জানান, প্রয়োজনীয় সংখ্যক শ্রেণি কক্ষের অভাবে সুষ্ঠুভাবে পাঠদান ও শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অভিভাবক আবুল কাসেম দ্রুত একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল জানান, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে অবকাঠামো উন্নয়নের দিক থেকে অবহেলিত। একটি আধুনিক ও পর্যাপ্ত একাডেমিক ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা ভালো পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন বলেন, প্রতিষ্ঠানে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেলেও অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত। ছোট একটি একতলা বিশিষ্ট পুরোনো ভবন থেকে দিন দিন পলেস্তারা খুলে পড়ছে এবং ক্লাস নিতে খুবই কষ্ট হচ্ছে। তাই সরকারের কাছে জরুরি ভিত্তিতে একটি নতুন পাকা ভবনের দাবি জানাচ্ছি।
রিপোর্টারের নাম 


















