কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নারী ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইন করার একটি প্রচেষ্টা বিজিবি এবং স্থানীয় জনগণের দৃঢ় প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে। রোববার সকালে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া ও রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্তে এই ঘটনা ঘটে। এই ঘটনার জেরে সীমান্তে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬০-১ এস এর কাছ দিয়ে বিএসএফের ধুবড়ী জেলার ঝালেরচর ক্যাম্পের সদস্যরা নারী-শিশুসহ ছয়জনকে পুশইন করার চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা শক্ত অবস্থান নিলে এবং স্থানীয় জনতা লাঠি হাতে তাদের ধাওয়া করলে বিএসএফ সদস্যরা পিছু হটে। বর্তমানে ওই ছয়জন ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন।
একইভাবে, রৌমারী সদর ইউনিয়নের ভন্দুরচর সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৬৬ পিলারের কাছে তিনজন পুরুষকে পুশইন করার চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধের মুখে এই চেষ্টাও ব্যর্থ হয়। বর্তমানে সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থানে রয়েছেন।
ঘটনাটি নিশ্চিত করে বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, গয়টাপাড়া সীমান্তে দুইজন নারী, দুইজন শিশু ও দুইজন পুরুষ এবং ভন্দুরচর সীমান্তে তিনজন পুরুষকে পুশইন করার চেষ্টা করা হয়। তারা সকলেই শূন্যরেখা থেকে ভারতের ৫০ গজ অভ্যন্তরে অবস্থান করছেন। তিনি আরও জানান, এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হলেও বিএসএফ এতে সাড়া দিচ্ছে না।
রিপোর্টারের নাম 



















