জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার অভিযোগে মো. মিজান রহমান (৩৮) নামে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার কৃষি জমি থেকে এক্সকাভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। এর ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয় সড়কেরও ক্ষতি হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি কাটার সময় ভেকুর মালিক মিজানকে হাতেনাতে আটক করে। তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করা দেশের খাদ্য নিরাপত্তা ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। এই ধরনের কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
রিপোর্টারের নাম 



















