গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানিয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (গাকৃবিশিস)। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে এ গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ দেওয়াকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, মর্যাদা ও আত্মপরিচয়ের পরিপন্থী উল্লেখ করে অবিলম্বে এ নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষকরা।
রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে শিক্ষক সমিতির উদ্যোগে এক জরুরি প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক সমিতির সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন অনুষদ ও বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকদের সমন্বয়ে একটি শক্তিশালী একাডেমিক নেতৃত্ব গড়ে উঠেছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও অন্য বিশ্ববিদ্যালয় থেকে কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসমাজের প্রতি অবমূল্যায়নের শামিল।
প্রতিবাদী সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বর্তমানে দেশের অন্যতম উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত। এখানে যোগ্যতা, জ্যেষ্ঠতা ও নেতৃত্বের সক্ষমতায় সমৃদ্ধ বহু শিক্ষক রয়েছেন। তাঁদের উপেক্ষা করে বহিরাগত কাউকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে গ্রহণযোগ্য নয়। আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে এ নিয়োগ অবিলম্বে বাতিল করে অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের মধ্য থেকে প্রো-ভিসি নিয়োগের জোর দাবি জানাচ্ছি।”
সভায় উপস্থিত শিক্ষকরা সর্বসম্মতিক্রমে ঘোষণা করেন, বিশ্ববিদ্যালয়ের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে এ নিয়োগ কার্যকর করার যেকোনো প্রচেষ্টা শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশ, প্রশাসনিক স্থিতিশীলতা এবং শিক্ষকসমাজের আত্মমর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে রাখেন।
রিপোর্টারের নাম 






















