২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলনরত ইরান জাতীয় ফুটবল দলের হোটেলের কাছ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ জানায়, ইরান দলের হোটেলের কাছে একটি সুপারমার্কেটের পার্কিংয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি গাড়ি থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়। বেশ কয়েকদিন ধরে সেখানে পড়ে থাকা ধূসর রঙের একটি এসইউভি গাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পুলিশ গাড়ির ট্রাঙ্ক থেকে কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মরদেহে সহিংসতা ও শারীরিক আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সাথে ইরান জাতীয় ফুটবল দলের কোনো ধরনের সংশ্লিষ্টতা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান রাজনৈতিক ও সামরিক উত্তেজনার কারণে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ক্যাম্প করার পরিকল্পনা বাতিল করে ইরান। পরিবর্তে তারা সীমান্ত সংলগ্ন মেক্সিকান শহর টিজুয়ানাকে তাদের বিশ্বকাপের বেস ক্যাম্প হিসেবে বেছে নেয়। বর্তমানে সেখানেই নিজেদের চূড়ান্ত প্রস্তুতি সারছে দলটি।
রিপোর্টারের নাম 




















