আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মন্তব্য করেছে যে, প্রস্তাবিত ঘাটতি ও ঋণ-নির্ভর বাজেট দেশের অর্থনীতিকে আরও ঝুঁকির মুখে ঠেলে দেবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের অর্থনীতি বর্তমানে যে গভীর সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা এই বাজেটে নেই। বরং প্রস্তাবিত বাজেট অর্থনীতির বিদ্যমান দুর্বলতা দূর করার পরিবর্তে নতুন ঝুঁকি ও সংকট সৃষ্টি করবে।
এবি পার্টির শীর্ষ দুই নেতা আরও বলেন, প্রায় আড়াই লাখ কোটি টাকার ঘাটতি নিয়ে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে, তা বাস্তবতার চেয়ে কাগুজে উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন বেশি। সরকারের এই বাজেট মূলত জনগণকে পরিসংখ্যানের মোড়কে বিভ্রান্ত করার একটি প্রচেষ্টা। জনগণের প্রকৃত চাহিদা, অর্থনৈতিক সক্ষমতা এবং বর্তমান বাস্তবতা বিবেচনা না করেই একটি গতানুগতিক ও ঋণ-নির্ভর বাজেট উপস্থাপন করা হয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, বাজেটে কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং দুর্নীতি প্রতিরোধে কার্যকর ও সুস্পষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই। জনগণের ওপর করের বাড়তি চাপ মূল্যস্ফীতিকে আরও উসকে দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে।
রিপোর্টারের নাম 





















