ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রো-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২ এর ১৩(১) ধারা অনুযায়ী তাকে এই পদে নিযুক্ত করা হয়েছে।
নবনিযুক্ত প্রো-ভিসি ড. মোহাম্মদ আলী জিন্নাহ যোগদানের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ তাকে স্বাগত ও অভিনন্দন জানান। এ সময় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা গবেষণায় বিশিষ্ট ব্যক্তিত্ব ড. মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর এবং শিক্ষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইউনেস্কো চেয়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়েছেন, যা বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনে একটি ঐতিহাসিক অর্জন। তিনি আইডিআরসি, কানাডা ও জিপিই কিক্স-এর অর্থায়নে ‘জেন্ডার ও ইনক্লুসিভ পেডাগোজি’ শীর্ষক একটি ৫ বছর মেয়াদী গবেষণা কার্যক্রমে সমন্বয়কারী ও পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি বিশ্বব্যাংক, ব্রিটিশ কাউন্সিল, সেভ দ্য চিলড্রেন এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা প্রকল্প সম্পন্ন করেছেন এবং দেশে-বিদেশে অসংখ্য সেমিনারে অংশগ্রহণ করেছেন।
রিপোর্টারের নাম 
























