কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। মঙ্গলবার (৯ জুন) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল উপজেলার বালুখালী সীমান্তের রহমতের বিল এলাকায় এই অভিযান চালায়। এই এলাকাটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
আটক ১৯ জন রোহিঙ্গা পুরুষের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুর, মোহাম্মদ নুর আমিন, মোহাম্মদ নুর ছাদেক, মোহাম্মদ এনায়েত হোসেন, মোহাম্মদ রশিদ আহমেদ, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রায়গুনা, মোহাম্মদ সৈয়দন্দর, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবু হাসেম, মোহাম্মদ নুরুর আমিন, মোহাম্মদ নুরুল সামাদ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোশারফ, জুবায়েদ, বনি আমিন, মোহাম্মদ হালেম এবং মোহাম্মদ সৈয়দ।
বিজিবি সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরে বসবাস করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন যে তারা স্থানীয় একটি মাছের ঘেরে কাজ করছিলেন। বিজিবি আরও জানায়, রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের শিবিরের বাইরে অবাধ চলাচল বা স্থানীয় কোনো পেশায় যুক্ত হওয়ার অনুমতি নেই। এই ধরনের কর্মকাণ্ড তাদের অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি বাড়ায়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উখিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি, স্থানীয় জনগণকে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুজিবুর রহমান জানিয়েছেন, আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 






















