সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপতথ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা বিভ্রান্তিকর কনটেন্ট মোকাবিলায় সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার বিধান এই আইনে যুক্ত করা হবে।
জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সম্প্রতি সামাজিকমাধ্যমে সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বিশেষ করে এআই ব্যবহার করে ভুয়া ছবি, ভিডিও এবং অডিও তৈরি করে ব্যক্তি ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চলছে। এসব অপরাধ দমনে আইনের কতিপয় ধারা সংশোধন করে ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬’ নামে নতুনভাবে কার্যকর করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে যেসব কনটেন্ট সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, সেগুলোর সংজ্ঞা পুনরায় নির্ধারণ করা প্রয়োজন। মেটাসহ অন্যান্য প্ল্যাটফর্মের সাথে কার্যকর যোগাযোগ স্থাপনে আইনি কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রিপোর্টারের নাম 






















