রাজধানীর রমনা থানাধীন মৌচাক এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে মৌচাক আনারকলি মার্কেটের সামনের গলিতে এই হামলার ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন এবং পেশায় তিনি ইট-বালুর ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা গেছে, ঘটনার সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত অতর্কিতে বিল্লাল হোসেনের ওপর হামলা চালায় এবং তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় যুবদল নেতা লুৎফুরের নেতৃত্বাধীন একদল দুর্বৃত্তকে দায়ী করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিহত বিল্লাল হোসেন মালিবাগের বাগানবাড়ি এলাকায় সপরিবারে বসবাস করতেন।
রিপোর্টারের নাম 






















