রাজধানী ঢাকার ক্রমবর্ধমান তাপপ্রবাহের প্রভাব এবং এর ফলে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকি নিরসনে একটি আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ‘এক্সপোজিং হিডেন হিট’ শীর্ষক এই প্রকল্পের মাধ্যমে তাপজনিত বৈষম্য নিরসন এবং জলবায়ু-সহনশীল নগর উন্নয়ন নিয়ে কাজ করবেন গবেষকরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করা হয়।
যুক্তরাজ্যের ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে ২.২ মিলিয়ন ডলারের এই আন্তর্জাতিক প্রকল্পের একটি বড় অংশ পরিচালনা করবে বুয়েটের প্রতিনিধি দল। এ লক্ষ্যে তারা ২ লাখ ৩৫ হাজার ৬৮০ ডলারের গবেষণা অনুদান পেয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উন্নত জিওস্পেশিয়াল অ্যানালিটিক্স, রিমোট সেন্সিং এবং থার্মাল ইমেজিংয়ের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাপপ্রবাহের অদৃশ্য ধরণগুলো শনাক্ত করা হবে।
বুয়েটের গবেষকদের পাশাপাশি এই যৌথ উদ্যোগে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্রের টুলেন বিশ্ববিদ্যালয়, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। গবেষকরা আশা করছেন, এই প্রকল্পের ফলাফল দক্ষিণ এশিয়ার শহরগুলোতে আরও ন্যায়সঙ্গত ও জলবায়ু-সহনশীল নগর পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিপোর্টারের নাম 






















