মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা স্টেটে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) ২০২৬’ প্রতিযোগিতায় অনন্য এক মাইলফলক স্পর্শ করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মার্স রোভার টিম। বৈশ্বিক এই লড়াইয়ে তারা বিশ্বের ৩য় এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক গৌরব বয়ে এনেছে। এশিয়ার ২০ বছরের রোভার প্রতিযোগিতার ইতিহাসে এটিই এখন পর্যন্ত সেরা অর্জন হিসেবে স্বীকৃত।
রোববার (৭ জুন) ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভাবনীয় সাফল্যের বিস্তারিত তুলে ধরা হয়। গত ২৭-৩০ মে মার্স ডেজার্ট রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তারা। উল্লেখ্য, ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা পাঁচবার এশিয়ায় শীর্ষস্থান ধরে রাখার বিরল কৃতিত্ব অর্জন করেছে এই দলটি।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার মো. আব্দুল মোকাদ্দেমসহ জ্যেষ্ঠ শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, ইউআইইউ শুরু থেকেই মানসম্মত শিক্ষা ও উদ্ভাবনী গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আসছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি তাদের কঠোর পরিশ্রম এবং বৈশ্বিক উৎকর্ষতার পথে এগিয়ে যাওয়ার মানসিকতারই প্রতিফলন।
রিপোর্টারের নাম 






















