সমাজসেবা কর্মকর্তাদের মানসিকতায় পরিবর্তন এনে সাধারণ মানুষের সেবায় আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে আয়োজিত এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের বিপদে সমাজকর্মীদের সবার আগে এগিয়ে যেতে হবে এবং পেশাগত দক্ষতা দিয়ে জনকল্যাণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে মন্ত্রী সরকারের নতুন একটি জনকল্যাণমুখী উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী অর্থবছর থেকে দেশের প্রতিটি উপজেলায় ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে। এই কর্মসূচির আওতায় প্রায় ৪০ লাখ ২০ হাজার পরিবারকে সহায়তা দেওয়া হবে। কর্মকর্তাদের বাড়ি বাড়ি গিয়ে প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি পিছিয়ে পড়া পরিবারের অন্তত একজনকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকার কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্যেই সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানো হচ্ছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে দেশের ১৮ কোটি মানুষের সেবায় আত্মনিয়োগ করতে কর্মকর্তাদের প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানান। অনুষ্ঠান শেষে তিনি সফল প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও মেডেল বিতরণ করেন।
রিপোর্টারের নাম 






















