জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় স্পেস এবং রিমোট সেন্সিং প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তিনি সীমান্ত পর্যবেক্ষণ, কৌশলগত মানচিত্র তৈরি এবং ভূ-স্থানিক বুদ্ধিমত্তার ক্ষেত্রে স্পারসোর সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। একইসাথে স্পারসোর সংগৃহীত ডেটা যাতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অপারেশনাল কাজে দ্রুত ব্যবহার করা যায়, সেই প্রক্রিয়া সহজ করার তাগিদ দেন তিনি।
প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, ফসলের অবস্থা, মাটির আর্দ্রতা ও পানিসম্পদ পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সর্বাধুনিক প্রযুক্তি যুক্ত করে স্পারসোকে আরও শক্তিশালী করতে হবে। পরিদর্শনকালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন ও স্পারসোর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















