দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সাথে এবার সীমান্তবর্তী জেলা সিলেট এলাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকুজ্জামান সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিজিবি-এর সঙ্গে ২০২৫ সালে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় আনসার ও ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। এই সমন্বিত উদ্যোগের ফলে সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও সুসংহত হয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজন এবং নিরাপত্তাগত চাহিদার প্রেক্ষাপটে আনসার-ভিডিপি সদস্যরা এখন বিজিবি-এর সঙ্গে সমন্বয় করে সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছেন।
এই বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফট্যান্টে কর্নেল মো. নাজমুল হকের সাথে যোগাযোগ করা হলে তার ফোন ব্যস্ত থাকায় তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত অতিরিক্ত জনবল সরবরাহের লক্ষ্যে আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও প্রস্তুত ও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
সীমান্ত নিরাপত্তা কার্যক্রমে আনসার-ভিডিপির এই সম্পৃক্ততা জাতীয় নিরাপত্তা কাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি বিজিবি-এর কার্যক্রমে সহায়ক ভূমিকা পালন করছে। এর ফলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি সমন্বিত ও টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠছে বলে আশা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















