শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই ঘোষণা করা হবে। সোমবার (৮ জুন) সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’—এই চারটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, কারিকুলামের সম্পূর্ণ পরিবর্তন তিন মাসে সম্ভব নয়। কিছু পরিবর্তন এনে ২০২৭ সালে পাঠ্যবই দেওয়া হবে এবং সার্বিক পরিবর্তনের মাধ্যমে ২০২৮ সালে শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাবে।
পরবর্তী এসএসসি পরীক্ষা প্রসঙ্গে মন্ত্রী জানান, এসএসসির সিলেবাস চলতি বছরের জুন মাসে শেষ হচ্ছে। সরকার আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করতে চায়। উল্লেখ্য, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল দেশব্যাপী শুরু হয়ে ২০ মে শেষ হয়েছিল। সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফলাফল প্রকাশ করা হয়, যা এবারও ব্যতিক্রম হবে না।
এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।
রিপোর্টারের নাম 






















