লক্ষ্মীপুর, জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ। রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. মোহাম্মদ হানিফ মুরাদকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শর্তানুসারে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসাথে তাকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
উপাচার্য পদের জন্য কিছু শর্তাবলীও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে: উপাচার্য হিসেবে তার নিয়োগ যোগদানের দিন থেকে ৪ বছর অথবা অবসর গ্রহণের দিন পর্যন্ত কার্যকর থাকবে, তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ড. মোহাম্মদ হানিফ মুরাদ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা শিক্ষক এবং প্রতিষ্ঠাতা রিজেন্ট বোর্ড সদস্য ছিলেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রক্টর, প্রভোস্ট, ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সবশেষে ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে ড. হানিফ মুরাদ বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দায়িত্ব পালন করে আসছি। আজ বিশ্ববিদ্যালয়টি একটি বিশেষ পর্যায়ে এসে পৌঁছেছে। নোবিপ্রবিকে যেভাবে এই পর্যায়ে নিয়ে এসেছি, সেভাবে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কেও একটি উন্নত ও বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাবো।’
রিপোর্টারের নাম 






















