দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। তিনি বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। শনিবার তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. শফিকুল ইসলাম সরকার (জি), পিএসসি, বিএন-এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণের পর বন্দরের কর্মকর্তা ও প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় নবনিযুক্ত চেয়ারম্যানকে বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প, অসমাপ্ত কাজ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। সভায় তিনি বন্দরের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে উন্নয়ন ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, প্রশাসনিক জটিলতা কমালে বন্দরের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি আয় বৃদ্ধি, ব্যয় সংকোচন এবং দক্ষ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও, তিনি কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বন্দর ব্যবহারকারীদের সঙ্গে দ্রুত মতবিনিময় সভার আয়োজনের কথা উল্লেখ করেন।
এর আগে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানকারী এই কর্মকর্তা ১৯৯২ সালে নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিন দশকেরও বেশি সময়ের কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ, নৌঘাঁটি এবং প্রশাসনিক প্রতিষ্ঠানে কমান্ড, প্রশিক্ষক ও স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিপোর্টারের নাম 






















