নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের অভ্যন্তরে বিষ প্রয়োগ করে মাছ শিকার এবং আগুনের তাপে শুঁটকি তৈরির অভিযোগে একদল অবৈধ জেলের আস্তানায় অভিযান চালিয়েছে বন বিভাগ। শনিবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ এলাকার শ্যালা নদীর অফিস খাল এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ শুঁটকি, কীটনাশক, নৌকা এবং মাছ আহরণ ও শুঁটকি তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে চড়াপুঁটিয়া ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন কর্মকর্তারা দেখতে পান, অসাধু জেলেরা বনের ভেতরে বিশেষভাবে তৈরি মাচায় বিষাক্ত মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করছে। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জেলেরা গভীর বনে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে দুই বস্তা শুঁটকি, চার বোতল কীটনাশক, দুটি ডিঙি নৌকা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়। পরবর্তীতে অবৈধ শুঁটকি তৈরির আস্তানাটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
বন বিভাগ জানিয়েছে, এই চক্রে আনুমানিক ৪ থেকে ৫ জন সদস্য জড়িত ছিল এবং তাদের শনাক্ত ও আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, বন্যপ্রাণী ও মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রজনন নির্বিঘ্ন রাখতে প্রতি বছর ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। চলতি বছরেরও এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
রিপোর্টারের নাম 






















