দেশের সকল বেসরকারি স্কুল ও কলেজে অবিলম্বে ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু, সভাপতি (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার ফাহিম উদ্দীন আহমদ এবং সাধারণ সম্পাদক মো. সেলিম হাওলাদার বলেন, পূর্ববর্তী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এডহক কমিটি গঠন করে। কিন্তু এরপর থেকে প্রায় সব প্রতিষ্ঠানে একই ব্যক্তিরা বারবার এডহক কমিটির সভাপতি ও সদস্য পদ দখল করে আছেন এবং নির্বাচনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
অভিভাবক নেতারা আরও জানান, অন্তর্বর্তী সরকারের ১৮ মাস এবং বর্তমান সরকারের ৪ মাস পেরিয়ে গেলেও আগের কমিটিগুলোই বহাল তবিয়তে থেকে দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছে। এডহক কমিটির সভাপতি ও সদস্যদের কোনো জবাবদিহিতা না থাকায় তারা গত দুই বছরে নির্বাচন আয়োজনের কোনো উদ্যোগ নেননি।
তারা বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নতুন সরকার গঠিত হওয়ায় অভিভাবকরা ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। নির্বাচিত ম্যানেজিং কমিটি/গভর্নিং বডির মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ঘটে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং অভিভাবকরা তাদের সমস্যা সমাধানের জন্য নির্বাচিত প্রতিনিধির শরণাপন্ন হতে পারেন। তাই অবিলম্বে বেসরকারি স্কুল-কলেজে নির্বাচনী তফসিল ঘোষণার আহ্বান জানান তারা।
রিপোর্টারের নাম 






















