দেশজুড়ে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৬ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ২২১ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৭ জুন সকাল ৮টা পর্যন্ত দেশে নিশ্চিত হামে ৯১ জন এবং সন্দেহজনক হামে ৫২৯ জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, এ পর্যন্ত মোট হামে মৃতের সংখ্যা বেড়ে ৬২০ জনে দাঁড়িয়েছে।
অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৭ জুন পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে ৭৯ হাজার ১২ জন রোগী পাওয়া গেছে এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬৮৬ জন। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪ হাজার ২৬৩ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৬৪ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত ৭ শিশুর মধ্যে ৪ জন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগের একজন করে রয়েছেন। এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫০৭ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন, যার মধ্যে ৫১ জন নিশ্চিত হামে আক্রান্ত। বিভাগওয়ারি হিসাবে, ঢাকা বিভাগে এ পর্যন্ত হামে সর্বোচ্চ ২৭৫ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫৫ জন নিশ্চিত হামে এবং ২২০ জন সন্দেহজনক হামে মারা গেছেন। এছাড়া রাজশাহী বিভাগে ৮৭ জন, সিলেটে ৬৬ জন, বরিশালে ৫৬ জন, চট্টগ্রামে ৫৬ জন, ময়মনসিংহে ৫০ জন, খুলনায় ২৩ জন এবং রংপুর বিভাগে ৭ জন হামে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রিপোর্টারের নাম 






















