শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার (৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
কর্মসূচি চলাকালে পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার ও বিশুদ্ধ পানির বোতল তুলে দেওয়া হয়। এ সময় রুমি বলেন, ‘আজ আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। তার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আমরা গরিব, অসহায়, দুস্থ ও দিনমজুর মানুষের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘শহীদ জিয়াউর রহমান বিশ্বাস করতেন, রাজনীতির মূল উদ্দেশ্য হলো মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা চিন্তা করতেন এবং একটি স্বনির্ভর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখতেন। আজকের এই ক্ষুদ্র আয়োজন সেই মানবিক আদর্শেরই প্রতিফলন।’ ছাত্রদলের এই নেতা আরও বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোই একজন রাজনৈতিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। তাই শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সমাজের সুবিধাবঞ্চিত, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের মাঝে সামান্য উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এই কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার প্রকাশ।’
কর্মসূচির শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 






















