মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন খাদ্য উৎপাদন ও বিপণনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, কেবল মুনাফার কথা চিন্তা না করে জনস্বাস্থ্য ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, যারা খাদ্য উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত, তাদের নিজেদের পরিবারের সদস্যরাও একই খাদ্য গ্রহণ করছেন—এই উপলব্ধি তৈরি হলে নিরাপদ খাদ্য উৎপাদন এবং ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং (এফওপিএল) বাস্তবায়ন আরও সহজ হবে। এই বিষয়টি তিনি জাতীয় সংসদেও উত্থাপন করবেন বলে জানান।
রোববার (৭ জুন) বিশ্ব নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশন কার্যালয়ে আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং-এর প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি খাদ্যকে কেবল বেঁচে থাকার উপকরণ নয়, বরং স্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই উন্নয়নের অন্যতম নির্ধারক হিসেবে উল্লেখ করেন।
ইকবাল মাসুদ বলেন, বর্তমানে বাংলাদেশে হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগ মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী। পরিবর্তিত জীবনযাত্রা এবং অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাবারের বাড়তি ব্যবহার এই সংকটকে আরও তীব্র করছে। এই পরিস্থিতি মোকাবিলায় অতিপ্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের মোড়কের সামনে সহজবোধ্য সতর্কবার্তা সংবলিত ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের দাবি জানান তিনি।
রিপোর্টারের নাম 






















