সাভারের আল-মুসলিম গ্রুপের তিনটি কারখানা থেকে ১ হাজার ৮৬৮ জন শ্রমিককে আকস্মিকভাবে ছাঁটাই করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। ঈদের ছুটি শেষে কাজে ফিরতে এসে শ্রমিকরা জানতে পারেন তাদের চাকরি নেই। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান এবং সেক্রেটারি জেনারেল কে এম বিল্লাল হোসেন এক যৌথ বিবৃতিতে এই ছাঁটাই প্রক্রিয়াকে অমানবিক ও অন্যায্য আখ্যা দিয়ে অবিলম্বে সকল শ্রমিককে তাদের নিজ নিজ পদে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ব্যবসায়িক উত্থান-পতন থাকবেই। কোম্পানিগুলো যখন ভালো করে তখন কর্মচারীদের অতিরিক্ত কোনো সুবিধা দেয় না, কিন্তু সামান্য চাপে পড়লেই শ্রমিক ছাঁটাই করা হয়। পুঁজিবাদের এই নির্মমতা বন্ধ হওয়া উচিত। যাদের শ্রমে প্রতিষ্ঠান লাভবান হয়, সামান্য বিপদের মুখে তাদের ত্যাগ করা চরম অকৃতজ্ঞতা। শ্রম আইন অনুযায়ী শ্রমিক ছাঁটাইয়ের নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, যার মধ্যে অন্যতম হলো তিন মাসের বেতন প্রদান। কিন্তু আল-মুসলিম গ্রুপ এই আইন মানেনি এবং শ্রম আইনের ধারা নিজেদের সুবিধামতো ব্যবহার করার চেষ্টা করছে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ স্পষ্ট দাবি জানাচ্ছে, শ্রমিকদের ছাঁটাই করতেই হলে অবশ্যই তাদের তিন মাসের বেতন বুঝিয়ে দিতে হবে। সংগঠনটি আশা প্রকাশ করে, মালিকরা শ্রমিকদের প্রতি সদয় হবেন এবং শ্রমিকরাও মালিকদের অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হবেন।
রিপোর্টারের নাম 





















