ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ, এমপি। বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি সহ বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, এমপি সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।
বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য প্রয়োজনীয় সময় বরাদ্দ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণত বাজেট আলোচনার জন্য মোট ৪০ ঘণ্টা সময় নির্ধারিত থাকে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং আগামী ০৯ জুলাই ২০২৬ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে, ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত চারদিন প্রতিদিন দুটি করে বৈঠক অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব করা হয়েছে।
স্পীকারকে প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতাও প্রদান করা হয়েছে। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩০৩৭টি প্রশ্ন সহ মোট ৩২২৮টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া, বিধি-৭১ এর অধীনে মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা (বিধি-১৩১) এ ২৯৩টি নোটিশ জমা পড়েছে। বৈঠকে সাচিবিক সহায়তা প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 






















