বাগেরহাট সদর উপজেলার কাচারিবাড়ি থেকে সায়েড়া মধুদিয়া কলেজিয়েট স্কুল হয়ে বারাকপুর বাজার পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক গত ১৭ বছর ধরে সংস্কারের অভাবে বেহাল দশায় পরিণত হয়েছে। খানাখন্দে ভরা এই সড়কটি এখন একটি মরণফাঁদে পরিণত হয়েছে, যা দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতে চরম সমস্যায় পড়ছেন স্বজনরা। স্কুল-কলেজের শিক্ষার্থী এবং শহরমুখী মানুষের চলাচলের জন্য এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাবে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দীর্ঘদিনের সংস্কারের অভাব এই সড়কটিকে একটি মরণফাঁদে পরিণত করেছে। বিশেষ করে বর্ষাকালে ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল ও বাস চলাচলে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়, যা পথচারীদের হাঁটাচলাও কঠিন করে তোলে। স্কুল শিক্ষার্থী শামীমা আক্তার জানায়, ‘বৃষ্টির সময় রাস্তার বড় বড় গর্তের কারণে আমাদের স্কুলে যেতে খুব অসুবিধা হয়। অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়ে যায়।’ স্থানীয় বাসিন্দা জাবের হোসেন বলেন, ‘নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচন শেষ হলে তারা আর খোঁজ রাখেন না। দ্রুত এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।’
বাগেরহাট জেলা (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রশিদ জানিয়েছেন, সড়কটি তাদের নজরে এসেছে এবং এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের সাথে কথা হয়েছে। যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারের পরিকল্পনা তাদের রয়েছে।
রিপোর্টারের নাম 






















