নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) কোর্সের দুটি বিভাগে ভর্তি কার্যক্রম সোমবার (১০ জুন) থেকে শুরু হচ্ছে। GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় মেধাক্রম অনুযায়ী যারা এই বিশ্ববিদ্যালয়ে বিভাগ পেয়েছেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রোববার (৭ জুন) দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত GST-এর ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এছাড়াও, এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও GST রোল নম্বর উল্লেখ করে স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, A, B ও C ইউনিটের শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (৩য় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রসিদ সংগ্রহ করতে হবে, যা পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় প্রদর্শন করতে হবে।
রেজিস্ট্রার মো. আলাউদ্দিন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরপরই শ্রেণি কার্যক্রম শুরু করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী এই যাত্রাকে জেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন যে নওগাঁ বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানই নয়, বরং জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন, গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের একটি প্রাণকেন্দ্র হয়ে উঠবে, যেখান থেকে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক ও মানবকল্যাণে নিবেদিত নাগরিক গড়ে উঠবে।
রিপোর্টারের নাম 






















