জ্যেষ্ঠ প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ রোববার (৭ জুন) বিকেলে শুরু হচ্ছে। গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট অধিবেশন।
জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে। এটি ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হলেও বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে।
আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। নতুন সরকারের প্রথম বাজেট হওয়ায় অর্থনীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, সামাজিক নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে ব্যাপক আগ্রহ রয়েছে।
সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস করা হয়েছিল।
সংসদ সচিবালয় জানিয়েছে, বাজেট উপস্থাপনের পর বিভিন্ন মন্ত্রণালয়ের বরাদ্দ, অর্থনৈতিক নীতিমালা এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিরোধী দল ও সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত ও প্রস্তাব তুলে ধরবেন।
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশনকে দেশের অর্থনৈতিক দিকনির্দেশনা নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















