নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার (৬ জুন) পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-ডেমরা সড়কে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলের বিষয়টি নজরে আসার পর পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—জীবন (৩৪), মো. আলম (৩০), মো. সোহেল (৪৪), আয়নাল মিয়া (৪৫) এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ (৩৫)।
পুলিশের দাবি অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে জীবন ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী, আয়নাল মিয়া ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। এছাড়াও, মো. আলম ও মো. সোহেল আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, শিমরাইল-ডেমরা সড়কে মিছিলের ঘটনায় তথ্য-উপাত্ত সংগ্রহের পর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
রিপোর্টারের নাম 






















