প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের কারাগারগুলোতে বন্দিদের জন্য বিশেষ খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। বন্দিদের ঈদ আনন্দ ভাগাভাগি করতে উন্নত মানের খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদনেরও ব্যবস্থা রাখা হয়েছে।
কারা সূত্রমতে, ঈদের দিন সকালে বন্দিদের জন্য পায়েস বা সেমাই ও মুড়ি পরিবেশন করা হবে। দুপুরের খাবারে থাকবে বিশেষ আয়োজন, যার মধ্যে পোলাও, গরু অথবা খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম, মিষ্টি, কোল্ড ড্রিংকস এবং পান-সুপারি অন্তর্ভুক্ত। রাতের খাবারে বন্দিরা ভাত, মাছ ও আলুর দম উপভোগ করতে পারবেন।
কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জানান, প্রতি ঈদেই কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয় এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। তিনি আরও জানান, শুধু উন্নত মানের খাবারই নয়, প্রতিটি কারাগারে বন্দিদের চিত্তবিনোদনের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ নিজেদের সাধ্যমতো এসব অনুষ্ঠান আয়োজন করবেন।
এছাড়াও, ঈদের দিন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা দর্শনার্থীদের জন্যও বিশেষ ব্যবস্থা ও প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
রিপোর্টারের নাম 
























