সাতক্ষীরায় মাঠ থেকে গরু চুরির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে জেলহাজতে থাকলেও, মামলার আলামত হিসেবে উদ্ধার হওয়া গরুটি এখনও পুলিশ ফাঁড়িতে পড়ে আছে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ মে দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামের একটি মাঠ থেকে একটি কালো রঙের এঁড়ে গরু চুরি হয়। পরে অভিযুক্ত যুবক গরুটি নিয়ে ব্রহ্মরাজপুর অস্থায়ী কোরবানির পশুর হাটে বিক্রি করতে যায়। সেখানে হাসিল কাটার সময় তার আচরণে সন্দেহ হওয়ায় হাট কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে গরু চুরির কথা স্বীকার করে এবং তাকে গরুসহ ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।
আটক যুবকের নাম মো. রাজু হোসেন, তিনি কালিগঞ্জ থানার বরজোপাটুরি গ্রামের আদর আলী গাজীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, অনলাইন জুয়ায় টাকা হারানোর পর রাজু এই চুরির পথ বেছে নেয়। পরবর্তীতে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে, মামলার আলামত হওয়ায় গরুটি ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
এদিকে, গরু চুরির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দেবনগর গ্রামের ভ্যানচালক আবুল কাশেম ফাঁড়িতে এসে গরুটি নিজের বলে শনাক্ত করেন। তিনি জানান, জীবিকার তাগিদে তিনি অনেক কষ্টে গরুটি লালন-পালন করছিলেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে গরুটি তার বৈধ মালিকের কাছে হস্তান্তর করা হবে।
রিপোর্টারের নাম 



















