ভারতের পাঞ্জাব রাজ্যের মোগা জেলার নেহের বস্তিতে বসবাসরত প্রায় ৪০০টি পরিবারের গত ৩০ বছরের জীবন কাটছে পানির জন্য চরম হাহাকারে। পাশ দিয়ে দুন্নেকে খাল বয়ে গেলেও সেখানে পানির কোনো প্রবাহ নেই। ফলে দৈনন্দিন পানির চাহিদা মেটাতে এই বাসিন্দারা সম্পূর্ণভাবে পৌর কর্তৃপক্ষের পাঠানো পানির ট্যাংকার কিংবা দূর-দূরান্ত থেকে বয়ে আনা পানির ওপর নির্ভরশীল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ তিন দশকে কোনো সরকারই এখানে স্থায়ী পানির সংযোগ দেওয়ার কার্যকর পদক্ষেপ নেয়নি। তীব্র দাবদাহের সময় ট্যাংকার আসতে দেরি হলে বাসিন্দাদের মাইলের পর মাইল পথ হেঁটে পানি সংগ্রহ করতে হয়। পানির অভাবে গোসল বা কাপড় ধোয়ার মতো নিত্যপ্রয়োজনীয় কাজগুলোও ব্যাহত হচ্ছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।
বস্তিবাসী জানান, তাদের কাছে আধার কার্ড ও ভোটার আইডিসহ নাগরিকত্বের সব বৈধ কাগজপত্র রয়েছে এবং নিয়মিত নির্বাচনে ভোটও দেন তারা। তবুও রাজনৈতিক অবহেলার কারণে মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকতে হচ্ছে তাদের। স্থানীয় প্রবীণ বাসিন্দারা দীর্ঘ আক্ষেপ নিয়ে জানান, জীবনের বড় একটি অংশ পার করলেও পানির কষ্ট থেকে মুক্তি মেলেনি তাদের। খালটিতে পানির প্রবাহ নিশ্চিত করা হলে এই সংকট কিছুটা কমত বলে মনে করছেন তারা।
রিপোর্টারের নাম 
























