জুলাই ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় কারামুক্তির জন্য জামিননামা দাখিল করার পর সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে ভাটারা থানা, পল্টন মডেল থানা ও বংশাল থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানির পর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এবং ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দীপঙ্করের আইনজীবী মিজান মোহাম্মদ মহসিন জানান, তিনি হাইকোর্ট থেকে পাঁচটি মামলায় জামিন পেয়েছেন এবং গত ১৩ মে তার জামিননামা দাখিল করা হয়েছে। কিন্তু কারামুক্তির ঠিক আগ মুহূর্তে পুলিশ নতুন তিনটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত সকল মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়ায় তার কারামুক্তি বিলম্বিত হচ্ছে।
উল্লেখ্য, দীপংকর তালুকদার পার্বত্য রাঙামাটি আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য। তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গত বছরের ১০ ফেব্রুয়ারি তাকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাবন্দী রয়েছেন।
রিপোর্টারের নাম 





















